২১ ডিসেম্বর, ২০২৫

ধুনটে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ধুনটে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় পাকা টমেটো খাওয়ানোর কথা বলে ক্ষেতের ভেতর নিয়ে গিয়ে শিশুকে (৬) ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় ছাবেদ আলী শেখ (৬৬) নামে এক কৃষককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১টায় ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। ছাবেদ আলী উপজেলার চকমেহেদী গ্রামের নশু শেখের ছেলে। এরআগে শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার চকমেহেদী গ্রামের এক কৃষক ১৭ ডিসেম্বর সকাল ১০টায় বাড়ির পাশে মাঠের ভেতর কৃষি কাজ করছিলেন। এ সময় ভুক্তভোগী শিশুটি বাড়ি থেকে তার বাবার কাছে যেতে থাকে।

ওই মাঠে আগে থেকে অবস্থান নেওয়া ছাবেদ আলী শিশুটিকে ফাঁকা মাঠের ভেতর পেয়ে আদর দিয়ে কাছে নেয়। তখন কৌশলে শিশুটিকে টমেটো খাওয়ার কথা বলে ক্ষেতের ভেতর নিয়ে গিয়ে ধর্ষণচেষ্টা করে।

তখন শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছলে ছাবেদ আলী অবস্থা বেগতিক ভেবে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই শিশুটির বাবা বাদি হয়ে ছাবেদ আলীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় শুক্রবার বিকেলে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই মোখলেছার রহমান বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আদালতে ভিকটিমের জবানবন্দী রেকর্ড করা হয়েছে।