নওগাঁর বদলগাছীতে হিমেল হাওয়া ও ঘন কুয়াশার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় শীতের প্রকোপ বাড়ছে। শীতে সবচয়ে বিপাকে পড়েছে শ্রমজীবী ও নিন্মআয়ের খেঁটে খাওয়া মানুষ।
হিমেল হাওয়া, আকাশে হালকা কুয়াশা ও মেঘের কারণে গত শনিবার (২০ ডিসেম্বর) থেকে সূর্যের দেখা মেলেনি। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে শ্রমজীবী এবং নিম্ন আয়ের মানুষদের। আজ রবিবার ২১শে ডিসেম্বর সকাল থেকে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বদলগাছী তথা নওগাঁ জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে । এরআগে গতকাল শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় বাসিন্দারা জানান, গত শুক্রবার সন্ধা থেকে থেকে বদলগাছীতে হিমেল হাওয়া শুরু হয়েছে। সেই হিমেল হাওয়া দিন-রাত বইছে। একারণে বেশি শীত অনুভূত হচ্ছে। সন্ধা নামতেই বাজার গুলো জনশূন্য হয়ে পড়েছে।
বদলগাছী উপজেলার ভ্যানচালক ফিরোজ বলেন, গত শনিবার থেকে শীত অনেক বেশি মনে হচ্ছে। ভ্যান চালাতে অনেক কষ্ট হচ্ছে।পেটের দায়ে ঠান্ডা লাগলেও বাইরে আসতে হচ্ছে।
বদলগাছী আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, জেলায় আজকে সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল থেকে সূর্যের দেখা না পাওয়ায় আজকে শীত কিছুটা বেশি। আগামী কয়েকদিন তাপমাত্রা এরকম থাকতে পারে।