২১ ডিসেম্বর, ২০২৫

বদলগাছীতে ডিবি পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বদলগাছীতে ডিবি পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নওগাঁর বদলগাছীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— যশোর জেলার শার্শা থানার কদমতলা বারোপুতা গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে আবদুল্লাহ (২৪) এবং নওগাঁর বদলগাছী থানার লক্ষীকুল গ্রামের মৃত আব্বাস আলী মণ্ডলের ছেলে আব্দুল জলিল (৫০)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় গত ২০ ডিসেম্বর রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১০টার দিকে বদলগাছী মিনি স্টেডিয়ামের পশ্চিম পাশে অবস্থানরত দুই ব্যক্তিকে সন্দেহজনক মনে হলে ডিবি পুলিশের একটি দল তাদের তল্লাশি করে।

এ সময় আবদুল্লাহ (২৪)-এর হাতে থাকা একটি লাগেজ তল্লাশি করে এর ভেতর থেকে ০৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল্লাহ পুলিশকে জানায়, সে যশোর জেলার শার্শা থানার বাসিন্দা এবং উদ্ধারকৃত গাঁজাগুলো পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার পশ্চিম মিঠাখালী গ্রামের মৃত ছলেমান ফকিরের ছেলে ছগির (৪৬)-এর কাছ থেকে সংগ্রহ করা। গাঁজাগুলো বদলগাছীর লক্ষীকুল গ্রামের আব্দুল জলিল (৫০)-এর মাধ্যমে সরবরাহের উদ্দেশ্যে তারা সেখানে অপেক্ষা করছিল।

এ বিষয়ে নওগাঁ জেলা ডিবি পুলিশের ওসি হাসিবুল্লাহ হাবিব বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বদলগাছী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”