ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির দাফন শেষে শাহবাগে সমবেত হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করেছেন ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
শহীদ শরিফ ওসমান হাদিকে শেষ বিদায় জানানোর পর শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যার আগে শাহবাগে জড়ো হয়ে এ আলটিমেটামের ঘোষণা দেওয়া হয়। এ সময় আন্দোলনকারীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে রোববার (২১ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টায় আবারও শাহবাগ অবরোধ করা হবে।
নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, এক সপ্তাহ পেরিয়ে গেলেও হাদির ওপর হামলার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি, যা সরকারের ব্যর্থতার প্রমাণ।
এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকেও ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ। শনিবার শহীদ হাদির জানাজার আগমুহূর্তে পরিবারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এই আলটিমেটাম ঘোষণা করেন।
তিনি স্পষ্ট করে বলেন, কোনো ধরনের সহিংস কর্মসূচিতে অংশ না নেওয়ার আহ্বান জানানো হচ্ছে এবং ইনকিলাব মঞ্চ থেকেই পরবর্তী সব সিদ্ধান্ত জানানো হবে। একই সঙ্গে তিনি জনগণের কাছে আগামী এক সপ্তাহের কর্মসূচি স্পষ্ট করার দাবি জানান খোদাবক্স চৌধুরীর প্রতি।
এদিকে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর কবরের পাশে শহীদ শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়।
এর আগে দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে জানাজা শেষে হাদির মরদেহ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কবরস্থানের দিকে নেওয়া হয়।
নামাজে জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন।