দিনাজপুরের বিরলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর দুইটায় বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর হাফেজ মোঃ আব্দুর রশীদ জানাজা নামাজের ইমামতি করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আজমীর হোসেন, ৫ নং বিরল ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুজ্জামান বাদল, ৪ নং শহরগ্রাম ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিমুল ইসলাম।
উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমুল ইসলাম, গণঅধিকার পরিষদের বিরল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল বারি , জেলা এনসিপির সদস্য ছাত্রনেতা হারুন, সহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ জানাজায় অংশ গ্রহণ করেন।
জানাজা নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন শহীদ ওসমান হাদির সাহসিকতা ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে তার অকুতোভয় অবস্থান আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তার চিন্তা-চেতনা ধারণ করেই আমরা এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার সংগ্রাম চালিয়ে যাব। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিন্দুমাত্র কোনো আপোষ করা হবে না।
জানাজা শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী সহ জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।