বগুড়ার ধুনট পৌর এলাকার ডাইম কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ককটেল বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় ওই কমপ্লেক্সের ব্যবসায়ীদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। তবে ককটেল বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ডাইম কমপ্লেক্সের ব্যবসায়ী আরব আলী বলেন ‘মার্কেটের ২য় তলার কাজ সম্পন্ন না করায় জনশুন্য ও পরিত্যাক্ত থাকে। তবে নীচতলায় ব্যবসা প্রতিষ্ঠান গুলো সচল থাকায় সব সময় লোকজন থাকে। দুপুর ১২টার দিকে বিস্ফোরণের বিকট শব্দে আমরা কেঁপে উঠি। প্রথমে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের ধারনা করি। কিন্তু পরে জানতে পারি শব্দ ২য়তলা থেকে এসেছে’।
আব্দুল জলিল নামের ওই মার্কেটের বই ব্যবসায়ী জানান ২য় তলায় ওঠার গেট তালাবদ্ধ থাকে। বিস্ফোরণের পর আতংকিত লোকজন প্রথমে মার্কেট থেকে বের হয়ে যায়। পরে তালা খুলে ২য় তলায় আমরা ককটেল বিস্ফোরণের আলামত দেখতে পেয়ে পুলিশকে খবর দেই।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ এখান থেকে উদ্ধার করেছি। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’