২০ ডিসেম্বর, ২০২৫

ধুনটে আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমা

ধুনটে আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমা

বগুড়ার ধুনট উপজেলায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো তিনদিন ব্যাপী আঞ্চলিক বিশ্ব ইজতেমার কার্যক্রম। ধুনট পৌর এলাকার পূর্ব ভরনশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ইজতেমা অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১০টা থেকে প্রায় ২০মিনিট ব্যাপী আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইলের মুরুব্বী মাওলনা আব্দুল মতিন। আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করা হয়। এসময় মুসুল্লীদের আমিন আমিন ধ্বনীতে মুখরিত হয় ইজতেমা ময়দান।

আখেরি মোনাজাতে অংশগ্রহনকারী মুসুল্লীরা দু’হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করেন। ব্যক্তিগত জীবনের গুনাহ মাফ, নিহত স্বজনদের কবরের আযাব মাফ, পরিবারের সদস্যদের সুস্থ্যতা ও নেক হায়াত কামনা করে কান্নায় ভেঙ্গে পড়েন অনেকেই।

গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ফজরের নামাজ আদায় শেষে আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয় তিনদিনের এ ইজতেমা। আহলে হক্ক ওলামায়ে কেরামদের অধীনে শুরায়ে নেজামের তত্বাবধায়নে ইজতেমার কার্যক্রম পরিচালনা করা হয়। প্রথম দিন থেকেই ইজতেমা ময়দান মুসুল্লীদের পদচারনায় কানাই কানাই পূর্ণ হয়ে ওঠে। শুক্রবার বৃহৎ জুমার নামাজের জামাত হয় ইজতেমা ময়দানে।

তিনদিনের এ ইজতেমায় আল্লাহর সন্তুষ্টি অর্জনে রাসুলের দেখানো পথ জীবন পরিচালনা করা, জান্নামের পথ থেকে বেহেশতের পথে জীবনকে পরিচালিত করার জন্য কোরআন-হাদীসের আলোকে তাবলিগ জামাতের মুরুব্বীগণ বয়ান পেশ করেন। এছাড়া দাওয়াতে তাবলিগের মেহনত, গুরুত্ব তুলে ধরে আল্লাহর রাস্তায় সময় দেবার জন্য জামাত তৈরি করা হয়।

ইজতেমা আয়োজক কমিটির সদস্য মাওলানা রবিউল ইসলাম রবি বলেন, টুঙ্গীর বিশ্ব ইজতেমাকে সফল করার লক্ষ্যে প্রতি বছর এই আঞ্চলিক বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। এবছরের ইজতেমায় সৌদি আরব, সিরিয়া, পাকিস্তানী জামাতসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ অংশ গ্রহন করেন। বিগত বছর গুলোর চেয়ে এবারের ইজতেমায় মুসুল্লীদের সমাগম বেশী ছিলো। শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা শেষ হয়েছে।