২০ ডিসেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরে বিএনপি নেতার শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপি নেতার শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু

লক্ষ্মীপুরে গভীর রাতে বসতঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় ঘুমন্ত অবস্থায় প্রাণ হারিয়েছে সাত বছরের এক শিশু। একই ঘটনায় দগ্ধ হয়েছেন স্থানীয় বিএনপি নেতা বেলাল হোসেন ও তাঁর আরও দুই কন্যা।

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতার গোপ্তা এলাকায় ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা বেলাল হোসেনের বসতঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এতে আয়েশা আক্তার (৭) নামে বেলালের এক কন্যা ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। একই সময় গুরুতর দগ্ধ হন বেলাল হোসেন এবং তাঁর অপর দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় বিথি ও স্মৃতিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাদের শরীরের বড় অংশ পুড়ে গেছে এবং অবস্থা আশঙ্কাজনক। বেলাল হোসেন বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত শিশুর বাবা বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। পাশাপাশি তিনি সুতার গোপ্তা বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করেন। তাঁর বাড়িটি বাজারের পশ্চিম পাশে অবস্থিত।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রাতের বেলায় পরিবারের সবাই ঘুমিয়ে থাকার সুযোগে দুর্বৃত্তরা এই নৃশংস হামলা চালায়। আগুন মুহূর্তের মধ্যে পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে এক শিশুর মৃত্যু ও তিনজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

এদিকে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এটি পরিকল্পিত নাশকতা কি না, সে বিষয়ে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।