কক্সবাজার শহরে সামুদ্রিক মাছের পর এবার আকাশচুম্বি পর্যায়ে পৌঁছেছে মিঠা পানির মাছের দাম। মঙ্গলবার ( ৪ জুলাই )সকালে বাহার ছড়া বাজার ঘুরে দেখা যায় গত সপ্তাহে ২০০ থেকে ২৭০ টাকায় বিক্রি হওয়া প্রতি কেজি রুই মাছ। এসপ্তাহে তা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়।
এছাড়াও রুই মাছের পাশাপাশি কেজিতে ১০ টাকা বেড়েছে তেলাপিয়া মাছের দাম। তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৪০ টাকায়। পাঙ্গাস প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৭০ টাকা থেকে ১৮০ টাকায়।
বাহার ছড়া বাজারের মাছ ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকায় বেড়েছে মাছের চাহিদা । যার কারণে বাজারেও বাড়তি দামে বিক্রি হচ্ছে।
ক্রেতারা অভিযোগ তুলে বলেন, প্রশাসনের কোন নজরদারি না থাকায় ব্যবসায়ীরা একচেটিয়াভাবে দাম বাড়িয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষদের।