১৯ ডিসেম্বর, ২০২৫

ব্যাগ বহন নিষিদ্ধ, সংসদ ভবন এলাকায় ড্রোন ওড়ানো যাবে না

 ব্যাগ বহন নিষিদ্ধ, সংসদ ভবন এলাকায় ড্রোন ওড়ানো যাবে না

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির নামাজে জানাজাকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করার অনুরোধ জানিয়েছে সরকার। একই সঙ্গে সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

 
আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহিদ শরীফ ওসমান বিন হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ২টায়।

এ উপলক্ষে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার দপ্তরের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে এসব নির্দেশনা জানানো হয়। স্ট্যাটাসে বলা হয়, জানাজায় অংশ নিতে আগ্রহীদের নিরাপত্তার স্বার্থে কোনো প্রকার ব্যাগ, প্যাকেট বা ভারী বস্তু সঙ্গে না আনার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

এছাড়া জানাজার সময় জাতীয় সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলেও জানানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে কঠোর থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থানকালে মারা যান শরীফ ওসমান বিন হাদি। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মরদেহ বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর থেকে কফিনে করে তার মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে রাতে মরদেহ হিমঘরে সংরক্ষণ করা হবে।