১৮ ডিসেম্বর, ২০২৫

বিপ্লবী ওসমান হাদির চির বিদায়

বিপ্লবী ওসমান হাদির চির বিদায়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

ওসমান হাদির মৃত্যুর খবরটি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ। একই সঙ্গে বিষয়টি নিশ্চিত করেন ইনকিলাব মঞ্চের সংগঠক ফাতিমা তাসনিম।

এদিকে রাতেই নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে শোকবার্তা প্রকাশ করে ইনকিলাব মঞ্চ। সেখানে বলা হয়,

“ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখা বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ তায়ালা শহীদ হিসেবে কবুল করেছেন।”

অন্যায়ের বিরুদ্ধে আপসহীন কণ্ঠস্বর হিসেবে পরিচিত ওসমান হাদির মৃত্যুতে তার সহযোদ্ধা, অনুসারী ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের আবহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে তাকে স্মরণ করে শোক ও শ্রদ্ধা প্রকাশ।