বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির কার্যালয়ে ককটেল হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা পৃথক ২টি মামলার এজাহারভুক্ত আসামি সালমান (২৭) নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সালমান ধুনট পৌর এলাকার সদরপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে এবং উপজেলা যুবলীগের সদস্য।
বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপির কার্যালয়ে ২০২৩ সালের ৭ জুন নেতাকর্মীরা কর্মীসভা করতে থাকেন।
এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে ককটেল হামলা চালায়। এ সময় হামলাকারীরা বিএনপির কার্যালয় ও কার্যালয়ে রক্ষিত চেয়ার-টেবিল ভাংচুর করে। এ ঘটনায় ২০২৫
সালের ২৬ জানুয়ারী উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদি হয়ে ৭৮ জনের নামে থানায় মামলা দায়ের করেন।
এছাড়া ২০২২ সালের ৩০ মে শহরের দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠান চলতে থাকে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে দোয়া মাহফিল অনুষ্ঠানে ককটেল হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।
এ ঘটনায় ২০২৪ সালের ১২ নভেম্বর ধুনট শহরের হোটেল আরাফাতের ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক রনি বাদি হয়ে ৬১ জনের নামে থানায়
মামলা দায়ের করেন। এই ২টি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে সালমানকে গ্রেফতার করা হয়।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত সালমানকে আদালতের মাধ্যমে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে। মামলা দুটির অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।