১৮ ডিসেম্বর, ২০২৫

আইপিএলের মাঝেই দেশে ফিরছেন মোস্তাফিজ, নিউজিল্যান্ড সিরিজে খেলবেন ওয়ানডে

আইপিএলের মাঝেই দেশে ফিরছেন মোস্তাফিজ, নিউজিল্যান্ড সিরিজে খেলবেন ওয়ানডে

আইপিএলের নিলামে মোস্তাফিজুর রহমানকে নিয়ে ছিল বেশ কাড়াকাড়ি। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে বাঁহাতি এই পেসারকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে পুরো আসরের জন্য নয়—আইপিএলের মাঝপথেই জাতীয় দলের প্রয়োজনে দেশে ফিরতে হবে মোস্তাফিজকে।

আগামী এপ্রিল মাসে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। এই সিরিজের ওয়ানডে ম্যাচগুলো খেলতেই আইপিএলের মাঝখানে ৮ দিনের জন্য দেশে ফিরবেন মোস্তাফিজ। আজ মিরপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে হলে ২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারির মধ্যে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে অন্তত নবম স্থানে থাকতে হবে। বর্তমানে বাংলাদেশ আছে দশম স্থানে। এই বাস্তবতা মাথায় রেখেই ওয়ানডেতে পূর্ণ শক্তির দল মাঠে নামাতে চায় বিসিবি।

নাজমূল আবেদীন বলেন, ‘ওয়ানডেতে আমাদের সরাসরি বিশ্বকাপ খেলার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমরা কোনো ছাড় দিতে চাই না। যদি আমরা নিরাপদ অবস্থানে থাকতাম, তাহলে হয়তো পুরো আইপিএলের জন্য মোস্তাফিজকে এনওসি দেওয়া যেত। কিন্তু সেই জায়গায় আমরা নেই বলেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।’

আইপিএল শুরু হবে ২৬ মার্চ, ফাইনাল ৩১ মে। টি–টোয়েন্টির পরিবেশ থেকে হুট করে এসে ওয়ানডে খেলাটা মোস্তাফিজের জন্য চ্যালেঞ্জিং হবে কি না—এমন প্রশ্নের জবাবে নাজমূল বলেন,
‘ও যে মানের প্রতিযোগিতায় খেলবে, সেখান থেকে এসে আরও ভালোভাবে অবদান রাখার সম্ভাবনাও আছে। সব দিক বিবেচনা করেই দেখেছি, এই সময়ে মোস্তাফিজের উপস্থিতি আমাদের জন্য খুবই জরুরি। ও থাকলে দলের শক্তি আরও বেড়ে যায়।’

সব মিলিয়ে আইপিএলে বড় অঙ্কের চুক্তি হলেও জাতীয় দলের প্রয়োজনে মাঝপথেই দেশে ফিরতে হচ্ছে মোস্তাফিজকে—বিশ্বকাপ লক্ষ্যেই এই সমঝোতা।