১৮ ডিসেম্বর, ২০২৫

এক বছরে পাঁচ লাখ ইউক্রেনীয় সেনা নিহতের দাবি রাশিয়ার

এক বছরে পাঁচ লাখ ইউক্রেনীয় সেনা নিহতের দাবি রাশিয়ার

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত রাশিয়ার সঙ্গে যুদ্ধে প্রায় পাঁচ লাখ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলৌসোভ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক বোর্ড সভায় এই দাবি করেন।

রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম রাশিয়ান টেলিভিশন (আরটি) জানায়, বুধবার অনুষ্ঠিত ওই সভায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত ছিলেন। সভায় বক্তব্যে বেলৌসোভ বলেন, বিপুল এই প্রাণহানির ফলে নিকট ভবিষ্যতে কিয়েভের পক্ষে সামরিক বাহিনী পুনর্গঠন করা কঠিন হয়ে পড়বে। তার দাবি, এত বড় ক্ষতির কারণে ইউক্রেনের বেসামরিক জনগণের মধ্যে বাধ্যতামূলক সেনা যোগদানে অনীহা বাড়ছে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, চলতি বছরে ইউক্রেন এক লাখ তিন হাজারের বেশি সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম হারিয়েছে। এর মধ্যে প্রায় পাঁচ হাজার পাঁচশ’ ট্যাংক ও সাঁজোয়া যান রয়েছে, যেগুলো পশ্চিমা দেশগুলোর সহায়তায় ইউক্রেন পেয়েছিল বলে দাবি করেন তিনি।

তবে রাশিয়ার এসব দাবির বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন।

উল্লেখ্য, ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ন্যাটোর সদস্যপদের জন্য কিয়েভের তৎপরতাকে কেন্দ্র করে দীর্ঘদিনের উত্তেজনার পর ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।

যুদ্ধ শুরুর পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক ডিক্রি জারি করে ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। সে সময় সেনাবাহিনীতে যোগদানের সর্বনিম্ন বয়স ছিল ২৭ বছর, যা পরবর্তীতে কমিয়ে ২৫ বছর করা হয়।