১৮ ডিসেম্বর, ২০২৫

শেষ স্ট্যাটাসে ‘হাদি’কে স্মরণ, হোস্টেল থেকে এনসিপি নেত্রী রুমীর মরদেহ উদ্ধার

শেষ স্ট্যাটাসে ‘হাদি’কে স্মরণ, হোস্টেল থেকে এনসিপি নেত্রী রুমীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগে একটি নারী হোস্টেল থেকে এনসিপির ধানমন্ডি শাখার নারী নেত্রী জান্নাতারা রুমী (৩২)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলার একটি নারী হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রুমী এনসিপির ধানমন্ডি শাখার একজন সক্রিয় নারী নেত্রী ছিলেন।

এদিকে মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া সর্বশেষ স্ট্যাটাসে রুমী ‘ওসমান হাদি’র কথা উল্লেখ করেন। সেখানে তিনি লেখেন, “ইয়া আল্লাহ, হাদি ভাইকে আমাদের খুব দরকার।”
এর একদিন আগে দেওয়া আরেকটি পোস্টে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “একদিন ভোর হবে, সবাই ডাকাডাকি করবে কিন্তু আমি উঠব না… কারণ আমি ভোরে উঠি না!”

হাজারীবাগ থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।