২৫ ডিসেম্বর—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর সকালে ঢাকায় পৌঁছাবেন। দলীয় সূত্র জানায়, বেলা ১১টার পর তাকে বহনকারী বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করে জানান, লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে থাকবেন কন্যা জাইমা রহমানও।
এর আগে গত ১২ ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘সবকিছু ঠিক থাকলে’ ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান।
উল্লেখ্য, ২০০৭ সালের জানুয়ারিতে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১৮ মাস কারাভোগ করেন তারেক রহমান। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার এক সপ্তাহ পর, ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় পর তার দেশে ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে।