বাংলাদেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাতে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত। বুধবার দুপুরে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে তাঁকে এ বার্তা দেওয়া হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন ঘিরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে ভারতের গভীর উদ্বেগ রয়েছে। এ সময় বিশেষভাবে কয়েকটি চরমপন্থী গোষ্ঠীর কর্মকাণ্ড ও হুমকির বিষয়টি তুলে ধরা হয়।
ভারত অভিযোগ করেছে, সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে উগ্র মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর বয়ান তৈরি করছে, যা নয়াদিল্লি প্রত্যাখ্যান করছে। একই সঙ্গে বলা হয়, এসব ঘটনার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনো বিস্তারিত তদন্ত প্রতিবেদন বা প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কূটনৈতিক নীতিমালা অনুযায়ী বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও অন্যান্য কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সরকারের দায়িত্ব।
এদিকে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বুধবার দুপুরের পর থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আইভ্যাক।
উল্লেখ্য, এর মাত্র তিন দিন আগেই ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশ সরকার। সে সময় ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ জানানো হয়।
দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক তলবের ঘটনায় সম্পর্কের উত্তাপ নতুন করে আলোচনায় এসেছে।