১৪ ডিসেম্বর, ২০২৫

অপরাধীদের গ্রেপ্তারে সীমান্তবর্তী এলাকায় বিজিবির জোরদার নজরদারি

অপরাধীদের গ্রেপ্তারে সীমান্তবর্তী এলাকায় বিজিবির জোরদার নজরদারি

মৌলভীবাজারের কুলাউড়া,কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)। গতকাল শুক্রবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর ওপর গুলি চালানোর ঘটনায় জড়িত সন্ত্রাসীরা যেনো সীমান্ত কিংবা সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে পাশ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যে বিজিবি সতর্ক রয়েছে বলে জানিয়েছেন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া।

তিনি জানান, ওই ঘটনার পর থেকে আজ শনিবার ৪৬ বিজিবি অধীনস্থ বিওপি সমূহ থেকে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য পলায়ন ও অবৈধ পারাপারের স্থানগুলো চিহ্নিত করে সেখানে প্রয়োজনীয় সংখ্যক বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

এসব চেকপোস্টে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। যাতে করে কোন ভাবে ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী দেশে যেতে না পারে।

তিনি আরও জানান, বিজিবি ৪৬ ব্যাটালিয়ান মৌলভীবাজার জেলার প্রায় ১১৫ কিলোমিটার সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সন্ত্রাসীদের পাশ্ববর্তী দেশে পলায়ন ও সব ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থানে রয়েছে (বিজিবি) বাংলাদেশ বর্ডার গার্ড।