১৪ ডিসেম্বর, ২০২৫

গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ে এনসিপি প্রার্থী প্রীতি চৌধুরী

গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ে এনসিপি প্রার্থী প্রীতি চৌধুরী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনীত প্রার্থী প্রীতি চৌধুরী (দ্যুতি অরণ্য) রোববার সন্ধ্যায় উল্লাপাড়ায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

শ্রীকোলার একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় প্রীতি চৌধুরী বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করায় এখন তিনি জুলাই যোদ্ধা হিসেবে নির্বাচনী প্রচারণায় যেতে নিরাপত্তার অভাব বোধ করছেন।

শুধু তিনি নন, আসন্ন সংসদ নির্বাচনে অপর প্রার্থীদের মধ্যেও শংকা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি বর্তমান অন্তবর্তী সরকারের প্রতি আহŸান জানান।

এনসিপির সাবেক উত্তরাঞ্চলীয় সংগঠক ও যুব শক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব প্রীতি চৌধুরী বলেন, তার সংগঠনটির সাংগঠনিক কাঠামো এখনও বাংলাদেশে সেভাবে বিস্তৃত হয়নি। ফলে নির্বাচনী মাঠে তাদেরকে অনেক বেগ পেতে হবে। তারপরেও তিনি তার নির্বাচনি এলাকায় ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে ভোট চাইবেন।

তিনি বলেন, নির্বাচিত হলে তিনি মানুষের মৌলিক চাহিদা পূরণ, বেকার যুবকদের কর্মসংস্থান, দুর্নীতি ও চাঁদাবাজী মুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করবেন। আর এ কাজে তিনি গণমাধ্যমকর্মীসহ তার নির্বাচিত আসনের সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে সিরাজগঞ্জ জেলা জাতীয় যুব শক্তির আহŸায়ক আব্দুল্লাহ আল মামুন লিয়ন এবং মুখ্য সংগঠক মেহেদী হাসান বক্তব্য রাখেন।