১০ ডিসেম্বর, ২০২৫

আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ

আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে।

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধি হিসেবে তারা অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আসিফ মাহমুদ দায়িত্বে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে। অন্যদিকে মাহফুজ আলম দায়িত্ব পালন করছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে।

আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকার গঠনের শুরুতেই উপদেষ্টা পদে নিয়োগ পান। প্রথমে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পরবর্তীতে তাকে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

এর আগে বুধবার বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, তিনি আসন্ন নির্বাচনে অংশ নেবেন। তবে কোন রাজনৈতিক দল থেকে নির্বাচন করবেন, তা পরে জানাবেন বলে জানান।

সম্পদের বিবরণী দাখিল প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে সকালে তা দাখিল করেছেন এবং নিজের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছেন। পদত্যাগপত্র কখন জমা দিয়েছেন—এ ব্যাপারে তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে তাকে ডাকা হয়েছে এবং বিস্তারিত বিষয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হবে।

এই দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগকে অন্তর্বর্তী সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।