অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ বুধবার পদত্যাগ করতে যাচ্ছেন বলে নিশ্চিত করেছে সরকার-ঘনিষ্ঠ একাধিক সূত্র।
আজ সন্ধ্যা কিংবা বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। তার আগেই সরকার থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই দুই উপদেষ্টা।
এরই মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ আজ বেলা ৩টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলন ডেকেছেন। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি সমসাময়িক বিষয়ে কথা বলবেন। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মূলত পদত্যাগের ঘোষণা দিতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে তাদের পদত্যাগ নিয়ে আলোচনা হয়। সেখানেই সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়।
সরকারের উচ্চপর্যায় থেকে এর আগেও তাদের পদত্যাগের বিষয়ে অনানুষ্ঠানিক চাপ দেওয়া হয়েছিল। বিশেষ করে নির্বাচনী তফসিল ঘোষণার পর ছাত্র প্রতিনিধিদের উপদেষ্টা পদে থাকা নিয়ে সরকারের ভেতরে আপত্তি তৈরি হয়।
আসিফ মাহমুদ এরই মধ্যে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। অন্যদিকে মাহফুজ আলমের নিজের এলাকা লক্ষ্মীপুর-১ আসন নিয়েও নানা রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। বিএনপির সম্ভাব্য প্রার্থীর কারণে সেখানে সমঝোতার সম্ভাবনা কমে গেছে।
সব মিলিয়ে আজকের দিনটি রাজনীতিতে নতুন মোড় আনতে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।