আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সদস্যসচিব আখতার হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসন থেকে, সদস্যসচিব আখতার হোসেন রংপুর-৪ আসন থেকে এবং নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। এছাড়া সারজিস আলম পঞ্চগড়-১, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪, তাসনীম জারা ঢাকা-৯ এবং আব্দুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ আসনে প্রার্থী হয়েছেন।
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তারা “ব্যালট রেভল্যুশন”-এর মাধ্যমে পরিবর্তন আনতে চায়। একই সঙ্গে দলীয় প্রতীক শাপলা এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাতে প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
দলের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থীদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রার্থীতা বাতিল করা হবে।
বিভাগভিত্তিক কিছু আসনের প্রার্থী
রংপুর বিভাগ:
পঞ্চগড়-১: সারজিস আলম, রংপুর-৪: আখতার হোসেন, লালমনিরহাট-২: রাসেল আহমেদ, কুড়িগ্রাম-১: মাহফুজুল ইসলাম
রাজশাহী বিভাগ:
বগুড়া-৬: আব্দুল্লাহ-আল-ওয়াকি, জয়পুরহাট-১: গোলাম কিবরিয়া, নওগাঁ-১: কৈলাশ চন্দ্র রবিদাস
ঢাকা বিভাগ:
ঢাকা-১১: নাহিদ ইসলাম, ঢাকা-৯: তাসনীম জারা, ঢাকা-১৮: নাসীরুদ্দীন পাটওয়ারী
চট্টগ্রাম বিভাগ:
কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহ, নোয়াখালী-৬: আব্দুল হান্নান মাসউদ, চট্টগ্রাম-৯: রিয়াজুল আনোয়ার চৌধুরী
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি প্রথম ধাপের তালিকা। পরবর্তী ধাপে আরও আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।