গুরুতর অসুস্থতায় ভোগা ব্যক্তিদের জন্য হজ পালনে নতুন বিধিনিষেধের কথা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি জানান, অ্যাজমা, হৃদরোগ ও ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্তদের হজে যেতে সৌদি কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা দিয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) নাটোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নাটোর জেলা মডেল মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, “হজ শারীরিকভাবে অত্যন্ত কঠিন ইবাদত। ঝুঁকিপূর্ণ রোগে আক্রান্ত ব্যক্তিদের হজে বাধা দেওয়া হবে। যদি কোনো চিকিৎসক সঠিক তথ্য গোপন করে ভুয়া মেডিকেল সার্টিফিকেট দেন, তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ধর্ম উপদেষ্টা আরও সতর্ক করে বলেন, বয়স্ক ব্যক্তিদের জন্য হজ পালন স্বাস্থ্যঝুঁকিপূর্ণ হতে পারে, তাই তাদের হজে না যাওয়াই নিরাপদ।
এ সময় তিনি জানান, হজ ব্যবস্থাপনার নামে যে সিন্ডিকেট দীর্ঘদিন সক্রিয় ছিল তা ভেঙে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে হজযাত্রীদের জন্য খরচ যতটা সম্ভব কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।