৯ ডিসেম্বর, ২০২৫

আইপিএল নিলামে ৭ বাংলাদেশি, চূড়ান্ত তালিকায় নেই সাকিব

আইপিএল নিলামে ৭ বাংলাদেশি, চূড়ান্ত তালিকায় নেই সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর আসন্ন ১৮তম আসরের নিলাম সামনে রেখে ১৩৯০ জন ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। সেখান থেকে ৩৯০ জনকে চূড়ান্তভাবে বাছাই করেছে আইপিএল কর্তৃপক্ষ। তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের ৭ জন ক্রিকেটার, তবে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান।

নিলামের চূড়ান্ত তালিকায় থাকা বাংলাদেশি ক্রিকেটাররা হলেন— মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম। প্রাথমিক তালিকায় থাকলেও শেষ পর্যন্ত জায়গা হয়নি সাকিব আল হাসানের।

আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএল নিলাম।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এইবার সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন ৪০ জন খেলোয়াড়, যেখানে বাংলাদেশের হয়ে আছেন পেসার মোস্তাফিজুর রহমান।
৭৫ লাখ রুপি ভিত্তিমূল্য পেয়েছেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম। স্পিনার রাকিবুল হাসানের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ লাখ রুপি।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য রাকিবুল হাসানের নিলামে জায়গা পাওয়া অনেককেই চমকে দিয়েছে, কেননা এখনো জাতীয় দলে তার অভিষেক হয়নি।

এছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহে নতুন করে ৩৫ জন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন কুইন্টন ডি কক, জর্জ লিন্ডে ও দুনিত ভেল্লালাগে।

চূড়ান্ত নিলাম তালিকায় মোট ৩৫০ জন ক্রিকেটার রয়েছেন, যার মধ্যে ২৪০ জন ভারতীয় এবং ১১০ জন বিদেশি খেলোয়াড়।