৯ ডিসেম্বর, ২০২৫

নির্বাচনে আইনশৃঙ্খলা নিশ্চিতে ৩০০ বিচারক চাইলেন সিইসি

নির্বাচনে আইনশৃঙ্খলা নিশ্চিতে ৩০০ বিচারক চাইলেন সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে ৩০০ জন বিচারক চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে বিচার বিভাগের সার্বিক সহযোগিতা কামনা করেন সিইসি। জবাবে প্রধান বিচারপতি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

নির্বাচনি তফসিল ঘোষণার আগে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করার যে রীতি চালু রয়েছে, তার অংশ হিসেবেই এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এবার কমিশনের অন্য সদস্যরা নয়, সিইসি একাই তার সচিবকে সঙ্গে নিয়ে সাক্ষাতে অংশ নেন।

অন্যদিকে, নির্বাচন কমিশনার ইসি আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে নির্ধারিত সাক্ষাৎ শেষে বুধবার সন্ধ্যা অথবা বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হতে পারে।

তিনি আরও জানান, তফসিল ঘোষণার সময় রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগিতার আহ্বান জানানো হবে। আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। এর আগে প্রস্তুতির সার্বিক বিষয় নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক সম্পন্ন করেন তিনি।