৮ ডিসেম্বর, ২০২৫

খালেদা জিয়াকে লন্ডন নিতে এয়ার অ্যাম্বুলেন্স আপাতত স্থগিত

খালেদা জিয়াকে লন্ডন নিতে এয়ার অ্যাম্বুলেন্স আপাতত স্থগিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় আসছে না। জার্মানির FAI Aviation Group আপাতত তাদের নির্ধারিত ফ্লাইট স্লট বাতিলের আবেদন করেছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে সোমবার (৮ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ জানিয়েছিলেন, কাতার সরকারের সহায়তায় জর্জিয়ার তিবলিসি থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসার কথা ছিল।

বেবিচকের তথ্য অনুযায়ী, কাতার সরকার এই এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া করে। তবে রোগীর শারীরিক অবস্থা পর্যালোচনার পর এখনো মেডিকেল বোর্ড চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়নি।

৮০ বছর বয়সী খালেদা জিয়া নানা জটিল রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে এবং পরে তাকে সিসিইউতে নেওয়া হয়। সরকার তাকে ‘ভিভিআইপি’ ঘোষণা করে Special Security Force-এর নিরাপত্তা দিয়েছে। এভারকেয়ারের ১২ সদস্যের মেডিকেল টিমের সঙ্গে যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞরাও তার চিকিৎসায় যুক্ত রয়েছেন।