স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু জাফর–এর সঙ্গে তর্কে জড়ানোর ঘটনায় শোকজপ্রাপ্ত চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ নোটিশের লিখিত জবাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। রোববার বেলা ১১টার দিকে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে শোকজের উত্তর জমা দেন।
ধনদেব চন্দ্র বর্মণ বলেন, ডিজি একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হওয়ায় তাঁর প্রতি আচরণে শিষ্টাচার বজায় রাখতে না পারায় তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমা প্রার্থনা করেছেন।
ঘটনার সূত্রপাত হয় শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিলনায়তনে এক সেমিনারকে কেন্দ্র করে। প্রধান অতিথি হিসেবে আসা ডিজি হাসপাতাল পরিদর্শনে গিয়ে ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটারে কক্ষের ভেতরে টেবিল রাখা নিয়ে প্রশ্ন তোলেন। তখন জরুরি বিভাগের ইনচার্জ ধনদেব চন্দ্র বর্মণের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়।
ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় এবং কারণ দর্শানোর নোটিশ জারি করে। নোটিশটি জারি করেন হাসপাতালের পরিচালক মো. গোলাম ফেরদৌস। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল, যা তিনি নির্ধারিত সময়ের মধ্যেই দিয়েছেন।
এ বিষয়ে সহকারী পরিচালক (প্রশাসন) মাইনউদ্দিন খান জানান, চিকিৎসকের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গ্রহণ করবে এবং বিষয়টি বর্তমানে তাদের বিবেচনায় রয়েছে।