৭ ডিসেম্বর, ২০২৫

চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা দিচ্ছে ইসি: সানাউল্লাহ

চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা দিচ্ছে ইসি: সানাউল্লাহ

চলতি সপ্তাহের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে কমিশনের সদস্যরা সাক্ষাৎ করবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে অনুষ্ঠিতব্য ‘ঐতিহাসিক’ গণভোট সামনে রেখে নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে। ভোট আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একটি বিস্তারিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

রোববার ইসির দশম কমিশন সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সানাউল্লাহ বলেন, তফসিলের নির্দিষ্ট তারিখ জানতে চাইলে ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে যেকোনো দিন ধরে নেওয়া যেতে পারে।

তিনি আরও জানান, সভায় তফসিলের আগের ও পরের আনুষ্ঠানিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। অচিরেই তফসিল ঘোষণা করা হবে—এটি প্রধান নির্বাচন কমিশনারও ইতোমধ্যে নিশ্চিত করেছেন।

তফসিল ঘোষণার আগে আনুষ্ঠানিক কার্যক্রম হিসেবে পুরো কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে। এছাড়া প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য সম্প্রচারের জন্য বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন-এ চিঠি পাঠানো হবে।

ইসি সূত্র জানায়, তফসিলপূর্ব অধিকাংশ প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এর মধ্যে রয়েছে ভোটার তালিকা চূড়ান্তকরণ, আইনি সংস্কার ও রাজনৈতিক সংলাপ। পাশাপাশি ডাকযোগে ভোট (পোস্টাল ভোট) কার্যক্রম চলমান রয়েছে।