বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং তিনি হঠাৎ করেই দেশে ফিরতে পারেন বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বনানীর হোটেল সারিনায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তারেক রহমানের প্রত্যাবর্তন এখন সময়ের ব্যাপার মাত্র। সবকিছু গোছানো হচ্ছে।”
তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানই বিএনপির কেন্দ্রীয় ভূমিকা পালন করবেন।
গুঞ্জন ও সমালোচনা নিয়ে আমীর খসরু আরও বলেন, “তারেক রহমান দেশে ফিরবেন না—এ ধরনের প্রচার যারা করছে, তারা ইচ্ছাকৃতভাবে করছে। বাস্তবে তিনি যে কোনো সময় দেশে ফিরবেন।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দল ইতোমধ্যে সাংগঠনিকভাবে প্রস্তুতি নিচ্ছে এবং নেতৃত্বের শূন্যতা দূর করে সামনে এগোতেই তারেক রহমানের প্রত্যাবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে