৬ ডিসেম্বর, ২০২৫

শেখ হাসিনার ভারতে থাকা না থাকা তাঁর নিজস্ব সিদ্ধান্ত: জয়শঙ্কর

শেখ হাসিনার ভারতে থাকা না থাকা তাঁর নিজস্ব সিদ্ধান্ত: জয়শঙ্কর

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আরও কতদিন অবস্থান করবেন—এ সিদ্ধান্ত সম্পূর্ণভাবে তাঁর নিজের বলেই মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এক প্রশ্নের জবাবে তিনি এই অবস্থান ব্যক্ত করেন।

সামিটে এনডিটিভির সিইও রাহুল কানওয়াল জানতে চান, শেখ হাসিনা ইচ্ছা করলে দীর্ঘ সময় ভারতে থাকতে পারবেন কি না। উত্তরে জয়শঙ্কর বলেন, শেখ হাসিনা বিশেষ এক পরিস্থিতিতে ভারতে এসেছেন এবং সেই প্রেক্ষাপট তাঁর অবস্থানের বিষয়টিকে সরাসরি প্রভাবিত করেছে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাঁর নিজেরই—এটা জোর দিয়েই উল্লেখ করেন তিনি।

গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র–জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়ার পর ভারত আশ্রয় নেন শেখ হাসিনা। পরবর্তীতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দেয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাঁকে দেশে ফেরানোর আহ্বান জানালেও নয়াদিল্লি এখনো কোনো আনুষ্ঠানিক সাড়া দেয়নি।

দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনার বিষয়টি নিয়েও প্রশ্ন করা হলে জয়শঙ্কর বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংকটের মূল কারণ হলো বিতর্কিত নির্বাচনী প্রক্রিয়া। তাঁর মতে, “সমস্যা যদি নির্বাচনী পদ্ধতিতেই হয়, তবে প্রথম পদক্ষেপ হবে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।”

তিনি আরও আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক প্রক্রিয়া সুদৃঢ় হলে ঢাকা–দিল্লি সম্পর্কও আরও ভারসাম্যপূর্ণ ও পরিণত হবে। পরিস্থিতি শিগগিরই উন্নতির দিকে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।