৬ ডিসেম্বর, ২০২৫

আপাতত স্থগিত খালেদা জিয়ার লন্ডনযাত্রা

আপাতত স্থগিত খালেদা জিয়ার লন্ডনযাত্রা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রস্তুতি নিয়ে নতুন অগ্রগতি দেখা দিয়েছে। চিকিৎসকদের মেডিকেল বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত দিলেই কাতারের রয়্যাল সার্ভিসের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার পথে রওনা দেবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী।

তিনি জানান, কাতারের কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব আয়োজন আগেই সম্পন্ন করেছে। মেডিকেল বোর্ড অনুমতি দিলেই অ্যাম্বুলেন্স বিমানটি ঢাকায় এসে খালেদা জিয়াকে তুলে সরাসরি লন্ডনে নিয়ে যাবে। তিনি আরও বলেন, জার্মানি থেকে যে উন্নত প্রযুক্তির বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আনার কথা শোনা যাচ্ছে, সেটিও কাতার কর্তৃপক্ষের ব্যবস্থাপনাতেই হচ্ছে, বিএনপির পক্ষ থেকে নয়।

‘বেগম জিয়ার চিকিৎসা–সংক্রান্ত বিমান, লজিস্টিক—সবই রয়্যাল কর্তৃপক্ষ করছে। আমাদের এখানে আলাদা কোনো ভূমিকা নেই,’ বলেন এনামুল হক চৌধুরী।

এদিকে মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল হলেও ঝুঁকিহীন নয়। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের মতে, তিনি এখনো দীর্ঘ ফ্লাইট সহ্য করার মতো অবস্থায় নেই। তাই লন্ডনযাত্রার সিদ্ধান্তে বিলম্বই স্বাভাবিক।

মেডিকেল বোর্ডের পরবর্তী মূল্যায়নেই নির্ধারিত হবে—কখন ঢাকা আসবে কাতারের সেই প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স।