রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আজ শুক্রবার বিকেলেই তৈরি হয় টানটান উত্তেজনা। খাঁচা ভেঙে একটি সিংহী বাইরে চলে এলে দ্রুত পুরো এলাকাজুড়ে সতর্কতা জারি করা হয়। বিকেল প্রায় পৌনে ৫টার দিকে ঘটনার পর চিড়িয়াখানার ভেতরেই ঘোরাফেরা করছিল সিংহীটি।
সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সিংহীটিকে নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা চললেও কেউ তাকে অচেতন করার সুযোগ পাচ্ছিল না। কারণ, সিংহীটি হরিণশেডের পাশে একটি পানির পাম্পের কাছে স্থির হয়ে বসে আছে—যেখানে ডার্ট ছোড়া ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন কর্মকর্তারা।
জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার বলেন,“মঠ এলাকায় থাকা ফিমেল সিংহটি খাঁচা থেকে বের হওয়ার পর থেকেই আমরা পর্যবেক্ষণে রেখেছি। সে নড়াচড়া শুরু করলেই নিরাপদভাবে অচেতন করার চেষ্টা করা হবে।”
তিনি জানান, ঘটনার মুহূর্তে দর্শনার্থীরা বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাই দ্রুত খালি করে দেওয়া হলেও কেউ তেমন কিছু বুঝতে পারেননি। ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি। পরিচালক আরও জানান, খাঁচাটি কীভাবে খুলে গেল বা ক্ষতিগ্রস্ত হলো—তা তদন্তের পরই জানা যাবে।