৫ ডিসেম্বর, ২০২৫

জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ তাদের নিজের রাজনৈতিক সিদ্ধান্ত: প্রেস সচিব

জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ তাদের নিজের রাজনৈতিক সিদ্ধান্ত: প্রেস সচিব

জাতীয় পার্টি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে কি না—এ প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে জাতীয় পার্টির নিজস্ব রাজনৈতিক ইচ্ছা ও বিবেচনার ওপর নির্ভরশীল। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, “জাতীয় পার্টি কোনো নিষেধাজ্ঞার মুখে নেই। তারা চাইলে নির্বাচনে অংশ নিতে পারে। আমরা শুধু বলতে চাই—ইতিহাস সাক্ষী, তারা অতীতে স্বৈরাচারী শক্তির অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ছিল।”

তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সরকার যেসব বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে, সেগুলোর পেছনে জাতীয় পার্টির রাজনৈতিক সমর্থন দৃশ্যমান ছিল। তাঁর ভাষায়, “আওয়ামী লীগ যখনই সমস্যায় পড়েছে, জাতীয় পার্টি দোসরের মতো ছায়া হয়ে পাশে দাঁড়িয়েছে। খারাপ সময়েও তাদের সমর্থন কমেনি।”

আসন্ন নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে প্রেস সচিব আবারও স্পষ্ট করেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি দাবি করেন, নির্বাচন ঠেকাতে পারে—এমন কোনো ক্ষমতা দেশের কোনো শক্তির নেই। নির্বাচন কমিশন সব দলের সঙ্গে আলোচনার কাজ শেষ করেছে এবং সরকার শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “তিনি দেশে ফিরতে চাইলে সরকার বাধা দেবে—এমন পরিস্থিতি নেই। বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত।”

ইদানীং আলোচনায় থাকা ‘মাইনাস ফোর’ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “এই তত্ত্ব যারা ছড়াচ্ছে তারা সেই ধারার রাজনীতি থেকে এসেছে যাদের অতীত স্বৈরাচারের সহচর হিসেবেই পরিচিত। সরকার কখনোই এমন কোনো পরিকল্পনা বা ধারণা উপস্থাপন করেনি।”

তিনি আরও জানান, চব্বিশের জুলাইয়ের ঘটনায় নিহত শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রতি সরকারের প্রতিশ্রুতি অটুট। “জুলাই হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা আমাদের দায়বদ্ধতা ও শপথ,” বলেন তিনি।

অনুষ্ঠান শেষে তিনি মাগুরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত ৯ দলের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।