বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি আরও এক ধাপ এগিয়েছে। তাঁর জন্য বিশেষভাবে জার্মানি থেকে আনা একটি এয়ার অ্যাম্বুলেন্স শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামছে।
শুক্রবার সন্ধ্যায় ঢাকায় কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ জানান, কাতার সরকার নিজ উদ্যোগে একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে, যা জার্মানি থেকে উড্ডয়ন করে ঢাকায় আসছে। তিনি বলেন, “এটি কাতারের ব্যবস্থাপনায় আসছে এবং নির্ধারিত সময়েই ঢাকায় পৌঁছাবে।”
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, কাতার রাজপরিবারের ব্যবহৃত মূল এয়ার অ্যাম্বুলেন্সটিতে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ায় ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে।
আমিরের নির্দেশে বিকল্প আরেকটি উড়োজাহাজ পাঠানো হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, “উড়োজাহাজটি জার্মান নির্মিত হলেও এটি কাতারের এয়ার অ্যাম্বুলেন্স জার্মানি সরকার পাঠাচ্ছে এমনটি নয়।”
এদিকে টানা ১৩ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। ফুসফুসে সংক্রমণ কমলেও তাঁর সার্বিক শারীরিক অবস্থায় বড় ধরনের উন্নতি হয়নি। হৃদ্যন্ত্রের জটিলতাও আংশিকভাবে নিয়ন্ত্রণে রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
২৩ নভেম্বর শ্বাসকষ্ট বাড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরিস্থিতি জটিল হওয়ায় এইচডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। তাঁর শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ এখনো কাটেনি। এয়ার অ্যাম্বুলেন্সের আগমন নির্ধারিত হওয়ায় লন্ডনে তাঁর চিকিৎসা যাত্রার সময়সূচি স্পষ্ট হতে শুরু করেছে।