ভারত রাশিয়া সম্পর্ককে আরও সক্রিয় পর্যায়ে নিয়ে যেতে নয়াদিল্লিতে এক উচ্চপর্যায়ের বৈঠকে গুরুত্বপূর্ণ ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া দীর্ঘমেয়াদে ‘নিরবচ্ছিন্নভাবে’ তেল সরবরাহ দিতে প্রস্তুত।
শুক্রবার হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে পুতিন এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বৈঠকের বিষয়বস্তু প্রসঙ্গে তিনি জানান, দুই দেশের আলোচনা ছিল “গঠনমূলক” এবং “বন্ধুত্বপূর্ণ”, যা ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিগন্ত তৈরি করবে।
পুতিন বলেন, নিয়মিত ফোনালাপে দুই দেশের নেতৃত্ব অনেক গুরুত্বপূর্ণ বিষয়েই দ্রুত সিদ্ধান্ত নিতে পারছে। এই সফরে যে সব চুক্তি হয়েছে, সেগুলোকে “আকর্ষণীয় ও লাভজনক” বলে উল্লেখ করেন তিনি। কৃষি, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়াতে রাশিয়া–ভারত নতুন করে কয়েকটি সমঝোতা স্মারক বিনিময় করেছে। এছাড়া ভারতের বৃহত্তম পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে প্রযুক্তিগত সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
রাশিয়া থেকে জ্বালানি আমদানি নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, বাইরের চাপ সত্ত্বেও দিল্লির প্রতি রাশিয়ার জ্বালানি প্রতিশ্রুতি অপরিবর্তিত। উল্লেখ্য, ওয়াশিংটনের অভিযোগ, রুশ জ্বালানি কিনে ভারত অনিচ্ছায় হলেও ইউক্রেন যুদ্ধকে টিকিয়ে রাখতে সহায়তা করছে। এ অভিযোগের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন।
দুই দিনের সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে পৌঁছান পুতিন। প্রধানমন্ত্রী মোদি তাঁকে বিমানবন্দরে গ্রহণ করেন। আজ রাতেই তাঁর দিল্লি ত্যাগের কথা রয়েছে।