৫ ডিসেম্বর, ২০২৫

বদলগাছীতে শিশুদের জড়তা ও স্বনির্ভর হতে কেজি স্কুলের বৃত্তি পরীক্ষা 

বদলগাছীতে শিশুদের জড়তা ও স্বনির্ভর হতে কেজি স্কুলের বৃত্তি পরীক্ষা 

শিশুদের মেধাবিকাশ, স্বনিভর এবং প্রতিযোগিতামূলক শিক্ষার বিকাশে নওগাঁর বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৫ই ডিসেম্বর সকাল ১০টায় উপজেলার সরকারি বদলগাছী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষা শুরু হয়।

পরীক্ষা জন্য পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় এক শিক্ষামুখর পরিবেশ।পরীক্ষাকেন্দ্রগুলোতে সকাল থেকেই ছোট্ট শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের চোখে-মুখে দেখা গেছে নতুন কিছু শেখার আগ্রহ ও আত্মবিশ্বাসের দীপ্তি। 

পরীক্ষা চলাকালে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা সার্বক্ষণিক তদারকি করেন, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে। অভিভাবকেরা বাইরেই অপেক্ষা করেন সন্তানের সাফল্যের আশায়। অনেক অভিভাবক জানান, এ ধরনের আয়োজন শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ায় এবং ভবিষ্যতের শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলে।

কেন্দ্রসংশ্লিষ্টরা জানান, বদলগাছী কিন্ডারগার্টেন এসোসিয়েশনে ১০টি কিন্ডারগার্টেন স্কুলের ২২৫জন শিশু শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে।  বৃত্তি পরীক্ষার ফলাফল দ্রুতই প্রকাশ করা হবে এবং মেধাতালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার, সনদ ও উৎসাহননা প্রদান করা হবে।

দিনব্যাপী ২শিফটে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে সন্তোষ ও আনন্দের পরিবেশ বিরাজ করেছে। বদলগাছীতে এই বৃত্তি পরীক্ষা শিশুদের শিক্ষাজীবনে আরেকটি সুন্দর অনুপ্রেরণা যোগ করেছে।

আইডিয়াল কিন্ডারগার্টেনের পরিচালক রাজ সিংহ বলেন, আগামী প্রাথমিক সমাপনী বা বৃত্তি পরীক্ষা প্রস্তুতিমূলক পরীক্ষা হিসেবে আমরা এই বৃত্তি পরীক্ষা নিয়ে থাকি।

বৃত্তি পরীক্ষার ব্যপারে জানতে চাইলে বদলগাছী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আব্সুস সবুর রুবেল বলেন, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিশুদের সৃজনশীলতা, মানসিক প্রস্তুতি, আত্মবিশ্বাস বৃদ্ধি ও প্রতিযোগিতার চেতনা জাগিয়ে তোলে।