৩ ডিসেম্বর, ২০২৫

দিনের বেলা ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে আটক দুই

দিনের বেলা ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে আটক দুই

বুধবার বেলা ১২টার দিকে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গরুর হাটের পাশে বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির সময় স্থানীয় জনগনের হাতে ধরা পড়ে দুই চোর। এদেরকে লোকজন গণধোলাই দিয়ে সলঙ্গা থানা পুলিশের হাতে তুলে দিয়েছেন। জনগনের হাতে আটক চোর দুজন হলেন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বানিয়াগাঁতী গ্রামের জুয়েল রানা (২০) এবং উল্লাপাড়া উপজেলার রতনকান্দি গ্রামের নূর নবী (২২)।

স্থানীয়রা জানান, উল্লিখিত দুই ব্যক্তি ঘটনার সময় হাটিকুমরুল গরুর হাটের পাশে ট্রান্সফরমার লাগানো বৈদ্যুতিক খুঁটিতে ওঠার প্রস্তুতি নিচ্ছিল। উপস্থিত লোকজন টের পেয়ে তাদেরকে ধরেন এবং ধোলাই দিয়ে সলঙ্গা থানা পুলিশের হাতে তুলে দেন। ধৃত ব্যক্তিরা অবশ্য ট্রান্সফরমার চুরির সঙ্গে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সলঙ্গা থানার উপ-পরিদর্শক ব্রজেস্বর কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনতার হাতে আটক উল্লিখিত ব্যক্তির বিরুদ্ধে সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে। এদেরকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।