২ ডিসেম্বর, ২০২৫

এখনও তারেক রহমানের ট্রাভেল পাসের আবেদন পায়নি: পররাষ্ট্র উপদেষ্টা

এখনও তারেক রহমানের  ট্রাভেল পাসের আবেদন পায়নি: পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশে ফেরার উদ্দেশ্যে কোনো ‘ট্রাভেল পাস’ চেয়ে আবেদন করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

লন্ডনে অবস্থানরত তারেক রহমানের ট্রাভেল পাসের বিষয়টি নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, “তিনি চাইলে ট্রাভেল পাস দেওয়া সম্ভব। তবে আমার জানা অনুযায়ী তিনি এখনো আবেদন করেননি।” তার পাসপোর্টের বৈধতা কিংবা তিনি পাসপোর্ট রেখেছেন কি না—এ বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি আরও বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। এ সময় তিনি খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে বলেন, “চিকিৎসকের পরামর্শ ও দলের সিদ্ধান্ত থাকলে তাঁকে বিদেশে নেওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি সরকারের রয়েছে।”