বগুড়ার ধুনট উপজেলায় নাশকতার মামলায় আরাফাত হোসেন (২২) নামের এক কাঠমিস্ত্রিকে গ্রেফতার করেছে পুলিশ। আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়েরকৃত মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। আরাফাত হোসেন উপজেলার নলডাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। এরআগে শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ধুনট-শেরপুর সড়কের বথুয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।
ধুনট থানার ওসি সাইদুল আলম মামলার বরাদ দিয়ে জানান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চলতি বছরের ১৭ ফ্রেব্রæয়ারি সন্ধ্যায় শহরে জয় বাংলা শ্লোগান দিয়ে মশাল মিছিল করে এবং ওই মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটায়।
এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক চরপাড়া গ্রামের রিপন সেখ বাদি হয়ে থানায় এ মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ নেতাকর্মীকে আসামি করা হয়। এই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে আরাফাত হোসেনকে গ্রেফতার করা হয়েছে।