বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা হঠাৎ করেই মারাত্মকভাবে অবনতি হয়েছে। রোববার রাত থেকে খালেদা জিয়া “অত্যন্ত সংকটাপন্ন অবস্থায়” আছেন এবং এখনও সেই অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি।
আজম খান বলেন, “গত রাত থেকে ম্যাডামের অবস্থার অবনতি খুবই উদ্বেগজনক। তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য লড়াই করছেন, কিন্তু এখনো এমন অবস্থায় পৌঁছাননি যে আমরা স্বস্তির কথা বলতে পারি। তাঁকে নিয়ে পুরো জাতির দোয়া ছাড়া বলার মতো আর কিছু নেই।”
তিনি আরও জানান, খালেদা জিয়াকে বর্তমানে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্টের মতো উন্নত সহায়তায় রাখা হয়েছে। সিসিইউ থেকে আইসিইউ—এরপর ধাপে ধাপে অবস্থার অবনতি হওয়ায় এখন তাঁকে সম্পূর্ণ যান্ত্রিক সহায়তায় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
চিকিৎসায় যুক্ত থাকা চিকিৎসকদের তালিকায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞদের পাশাপাশি এখন চীনের ডাক্তাররাও যুক্ত হয়েছেন বলে আজম খান নিশ্চিত করেন। তিনি বলেন,“দেশের বাইরের বিশেষজ্ঞরা নিরলসভাবে কাজ করছেন। সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে, বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা।” প্রায় এক সপ্তাহ ধরে হাসপাতালে থাকা খালেদা জিয়া লিভার সমস্যা, কিডনির কার্যকারিতা হ্রাস, শ্বাসকষ্ট এবং ফুসফুসে সংক্রমণসহ বেশ কিছু জটিলতায় ভুগছেন তিনি।
২৩ নভেম্বর রাতে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ফুসফুসে সংক্রমণ চিহ্নিত হয়। এর মধ্যে বিএনপির মহাসচিব একাধিক বার জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা এখন এতটাই নাজুক যে বিদেশে নেওয়ার মতো শারীরিক সক্ষমতাও নেই।