৩০ নভেম্বর, ২০২৫

উল্লাপাড়ায় জলাশয় থেকে ভাসমান মরদেহ উদ্ধার

উল্লাপাড়ায় জলাশয় থেকে ভাসমান মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি জলাশয় থেকে শহিদুল ইসলাম (৬৭) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা সড়ক সেতুর নিচে জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শহিদুল ওই ইউনিয়নের বন্যাকান্দি গ্রামের মৃত লালু তালুকদারের ছেলে।

পরিবার জানায়, বছর দেড়েক আগে স্ত্রী মারা যাওয়ার পর থেকেই শহিদুল ইসলাম মানসিকভাবে ভেঙে পড়েন। গত কয়েকদিন ধরে তার আচরণে মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ দেখা যাচ্ছিল। শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি তিনি। রাতভর খোঁজাখুঁজির পর ভোরে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে দমদমা সেতুর নিচের গভীর জলাশয়ে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

নিহতের ছেলে মো: নোমান জানান, তার বাবার মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই এবং কারও সঙ্গে তার বাবার কোনো শত্রুতার কথাও জানা নেই। কীভাবে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে পরিবার নিশ্চিত নয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: একরামুল হোসাইন বলেন, শহিদুলের মৃত্যুকে ঘিরে পরিবার কোনো অভিযোগ দেয়নি। মরদেহেও আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর কারণ নির্ণয় করা সম্ভব নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহিদ এম মনসুর আলী হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।