পাবনা-বগুড়া মহাসড়কে উল্লাপাড়া বিজ্ঞান কলেজের পাশে প্রাচীন ও বড় আকৃতির একটি কড়ই গাছ উপড়ে পড়লে সেখানে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রোববার উল্লাপাড়া পৌর সভার ঝিকিড়া মহল্লায় রাত ১২টার দিকে গাছটি উপড়ে রাস্তার উপর পড়ে।
এরপর সকাল ১০টা পর্যন্ত এই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে সকাল ৭টায় উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা গাছটি অপসারণ শুরু করে। সোমবার সকাল ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ কাটার কাজ করছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘুর্ণি ঝড় মোন্থার কারণে এই কড়ই গাছটি অনেকটাই উপড়ে ছিল। পরে রোববার রাত ১২টার দিকে এটি আকষ্মিকভাবে মহাসড়কের উপর পড়ে যায়। ফলে এই পথে বন্ধ হয়ে যায় সকল যানবাহন চলাচল।
সড়ক ও জনপথ বিভাগের সিরাজগঞ্জ কার্যালয়ের প্রধান প্রকৌশলী আজাদ রহমান জানান, উল্লাপাড়ায় বিজ্ঞান কলেজের পাশে প্রাচীন কড়ই গাছ উপড়ে মহাসড়কে পড়ায় এই পথে বেশ কয়েক ঘন্টা ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গাছটি অপসারণে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আসাদুজ্জামান জানান, খবর পেয়ে তিনি তার কর্মীদল নিয়ে সকালে উপড়ে পড়া কড়ই গাছটি অপসারণের কাজ শুরু করেছেন। গাছটি বিশাল আকৃতির এবং প্রাচীন। ৪/৫ ঘন্টা সময় লাগবে রাস্তা থেকে গাছটি কেটে সরিয়ে ফেলতে। পরে এই পথে যানবাহন চলাচল করার সুযোগ পাবে।