শুক্রবার রাতে উল্লাপাড়া উপজেলার দবিরগঞ্জ গ্রামে হামিদুর রহমান লাবুর বাড়িতে র্যাব-১২ এর সদস্যরা অভিযান চালিয়ে ৯৪ কেজি ওজনের কষ্টি পাথরের মূল্যবান একটি শিব মূর্তি উদ্ধার করেছে।
ওই বাড়ি থেকে তিনজন মূর্তি পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন ভেংরী গ্রামের জাহাঙ্গীর ইসলাম, দবিরগঞ্জ গ্রামের শহিদুল ইসলাম ও কফিল উদ্দিন। র্যাব সদস্যরা ওই বাড়ি থেকে পাচারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করেন।
র্যাব-১২ এর অপারেশনাল অফিসার উসমান গনি জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে র্যাব শুক্রবার রাতে দবিরগঞ্জ গ্রামের উক্ত ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ওই বাড়ির একটি টিনের ঘর থেকে ৯৪.২৬৪ কেজি ওজনের মূল্যবান কষ্টি পাথরের শিব মূর্তি উদ্ধার করা হয়। একই সঙ্গে উল্লিখিত তিন মূর্তি পাচারকারীকে গ্রেপ্তার এবং তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
উসমান গনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা চোরাই মূর্তি বিদেশে পাচারের কথা র্যাবের কাছে স্বীকার করেছেন। উদ্ধার করা মূর্তি, মোটরসাইকেল এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিদের শনিবার দুপুরে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সলঙ্গা থানায় একটি মামলা করা হয়েছে।