১৮ অক্টোবর, ২০২৫

উল্লাপাড়ায় ডোবায় মিলল মাথাবিহীন গলিত লাশ

উল্লাপাড়ায় ডোবায় মিলল মাথাবিহীন গলিত লাশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি ডোবা থেকে মাথাবিহীন গলিত এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ। শনিবার বেলা ২টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চকনিহাল গ্রামে পাশের মাঠে একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গ্রামের বসতি থেকে কিছুটা দূরে উক্ত ডোবা থেকে কয়েক দিন ধরে দুর্গন্ধ ছড়াতে থাকে। দুর্গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে গ্রামবাসী ডোবার পানিতে একটি মানুষের পা দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাথাবিহীন গলিত লাশটি উদ্ধার করে।

সলঙ্গা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক শফিউল ইসলাম জানান, মরদেহটির কোথাও কোন মাংস নেই। এটি এমনভাবে পচে গেছে যে শুধু কয়েকটা হাড় রয়েছে। এটি পুরুষ কিংবা নারীর মরদেহ তা সনাক্ত করা সম্ভব নয়। লাশটি থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, এটি মরদেহ বলা মুশকিল। এটি অনেকটা কংঙ্কালের মতো। পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। একই সঙ্গে মরদেহর পরিচয় উদ্ধারের কাজ করছে পুলিশ।