রাজশাহী জেলার বাঘা উপজেলার গড়গড়ী ইউনিয়নের আশরাফপুর গ্রামে সঙ্ঘবদ্ধ বিকাশ ও ইমো প্রতারকচক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশের সম্মিলিত একটি টিম।
বুধবার (৮অক্টোবর) দিবাগত রাতে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—মো. জুবায়ের হাসান শিশির (২১), মো. জাহিদ হাসান সিজান (১৯), মো. শরিফুল ইসলাম সিজান (৩৪), মো. রতন আলী (২৫)।
এর মধ্যে জুবায়ের হাসান শিশির ও জাহিদ হাসান সিজান আশরাফপুর গ্রামের মো. ফারুক হোসেন লিটনের ছেলে, শরিফুল ইসলাম সিজান একই গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে এবং রতন আলী খানপুর গ্রামের মৃত শফিকুল ইসলামের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, ৮ অক্টোবর দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে সকাল ৬টা পর্যন্ত চলা অভিযানে এই হ্যাকার চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৪৮ হাজার ৮২৫ টাকা, বিভিন্ন কোম্পানির ১১টি মোবাইল ফোন, ১৬টি সিমকার্ড এবং ৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর এলাকায় এই প্রতারকচক্র দীর্ঘদিন ধরে বিকাশ ও ইমো অ্যাপের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষকে প্রতারণা করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছিল।
এরই ধারাবাহিকতায় রাজশাহী জেলা পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে বাঘা থানায় মামলা রুজু হয়েছে।পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।