৯ অক্টোবর, ২০২৫

গুরুদাসপুরে পৌর প্রশাসনের উচ্ছেদ অভিযান

গুরুদাসপুরে পৌর প্রশাসনের উচ্ছেদ অভিযান

নাটোরের গুরুদাসপুর পৌর সদরে যানজট নিরসন ও চাঁচকৈড় বাজারস্থ প্রধান সড়কের উপর গড়ে উঠা ভ্রাম্যমান সকল অবৈধ দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করা করেছেন পৌর প্রশাসক ইউএনও ফাহমিদা আফরোজ।। বৃহস্পতিবার ( ৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে পৌর প্রশাসনের উদ্যোগে ওই উচ্ছেদ অভিযান চালানো হয়।  

জানাযায়, চাঁচকৈড় বাজারটি চলনবিলের প্রাণকেন্দ্রে অবিস্থিত হওয়ায় লোকের সমাগম কমে না। একারনেই চাঁচকৈড় বাজার হয়ে উঠে ব্যবসার মূল কেন্দ্রবিন্দু। যুগের সাথে তাল মিলিয়ে চাঁচকৈড় বাজার আধুনিক ও  নান্দনিক বাজারে পরিণত হয়েছে।

৫  থেকে ৬  উপজেলার মানুষ আসে এই বাজারে কেনাকাটা করতে। এখানকার ব্যবসায়ীরা তাদের নিজস্ব বা ভারাটে জায়গার সাথে সড়কের জায়গা দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিল। এতে করে শহরের প্রধান সড়কের সৌন্দর্য নষ্ট হতো এবং যানজট লেগেই থাকতো। যত্রতত্র এসব অবৈধ দোকানীদের কারণে পথচারীদেরও পথ চলতে বেশ কষ্ট হতো। 

গত ৮ অক্টোবর সন্ধ্যার পর থেকে পৌর প্রশাসকের বরাত দিয়ে উচ্ছেদ অভিযানের মাইকিং প্রচার করা হয়। সেখানে পৌর প্রশাসক সড়ক ও ফুটপাতের অবৈধ জায়গা দখল উচ্ছেদ অভিযান পরিচালনার করবে বলে প্রচার করা হয় এবং অনতিবিলম্বে তা সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। 

সরেজমিন গিয়ে দেখা যায়- ফুটপাত ও সড়ক দখলকারী দোকানীরা তাদের ব্যবসা কার্যক্রম অনেকটাই গুটিয়ে ফেলেছে। আবার অনেকে গুটিয়ে ফেলার কাজ করছে। 

এসময় জয়নাল আবেদিন নামের এক হোটেল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মাইকিং করা সত্বেও নিষেধ অমান্যকারী দোকানকারদের মালামাল জব্দ করে পৌর গাড়িতে উঠানো হয়। পাশাপাশি বাজারস্থ রাস্তার উপর গড়ে উঠা ভ্রাম্যমান সকল দোকানদারদের স্থাপনা সরিয়ে নিতে তিন দিনের সময় সীমা বেঁধে দেওয়া হয়।

পৌর প্রশাসক ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, বাজারে যানজট নিরসনে জনদুর্ভোগ লাঘবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। আজকের (৯ অক্টোবর)  প্রথম অভিযানে বাজারে ভ্রাম্যমান সকল দোকানদারদের অবৈধ স্থাপনা তিনদিনের মধ্যে সরাতে সর্তকতা দেওয়া হয়েছে। নচেৎ পৌর প্রশাসন কঠোরতর হতে বাধ্য হবে।