বগুড়ার ধুনট উপজেলায় চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের হাফিজুর রহমান বিদ্যুৎ (৪০) নামে এক কৃষি উদ্যোক্তার ২৫ শতক জমিতে চাষ করা ২২৩টি লাউ গাছ কেটে ক্ষতি করেছে দূর্বৃত্তরা।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ক্ষেতের লাউ গাছ পরিচর্যা করতে গিয়ে তিনি ক্ষতির বিষয়টি টের পেয়েছেন। এরআগে সোমবার দিবাগত রাতের কোন এক সময় কে বা কারা জমির লাউ গাছ কেটে ক্ষতি করেছে। হাফিজুর রহমান বিশ্বহরিগাছা গ্রামের সুজাবত আলীর ছেলে।
কৃষি উদ্যোক্তা হাফিজুর রহমান বিদ্যুৎ জানান, ফসলের মাঠে ২৫ শতক জমিতে হাইব্রিড জাতের লাউয়ের চাষ করেন। আনুমানিক দুই মাস আগে জমিতে চারা রোপণ করেন। এরপর অনেক টাকা ব্যয় করে মাচা তৈরী করে দিয়েছেন।
গাছগুলোও মাচায় উঠে লাউ ধরতে শুরু করেছে। আর কয়েক দিন পরই লাউ উঠানোর পরিকল্পনা রয়েছে। কারও সঙ্গে তেমন কোনো শত্রুতা তার নেই। এলাকার মানুষ তাকে ভালোবাসেন। এই কারণে তিনি বুঝতে পারছেন না কারা কেন তার ক্ষেতের ফসলের এভাবে ক্ষতি করল।
এই চাষ করতে তার প্রায় ৪০ হাজার টাকা ব্যয় হয়েছে। আশা ছিল লাউ বিক্রি করে আড়াই লক্ষাধিক টাকা পাবেন। এই গাছ কেটে ফেলায় তার মারাত্মক আর্থিক ক্ষতি হলো। সমাজে চলতে গেলে মানুষের সঙ্গে মানুষের মনোমালিন্য হতে পারে। সেজন্য এভাবে জমির ফসল কেটে দেবে, তা মেনে নেওয়া যায় না। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন।
স্থানীয়রা জানান, ফসল ফলাতে একজন কৃষক কতটা পরিশ্রম করেন, তা তারাই বুঝতে পারেন। সেই ফসল এভাবে কেটে দিলে কৃষকের মন ভেঙে যায়, তারা ফসল উৎপাদনে উৎসাহ হারিয়ে ফেলেন। যে কারণে সবার উচিত সম্মিলিতভাবে এই ফসল ক্ষতির বিরুদ্ধে সচেতনতা বাড়ানো।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। ফসলের ক্ষেত রক্ষায় সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাঠ পাহারার ব্যবস্থা করা প্রয়োজন বলে তিনি মনে করেন।