৭ অক্টোবর, ২০২৫

করতোয়া নদীতে জমকালো নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

করতোয়া নদীতে জমকালো নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সোনতলা করতোয়া নদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মাওলানা রফিকুল ইসলাম খান পানসি নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল পর্ব।

সোমবার দুপুর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতি এবং দর্শকদের উচ্ছ্বাসে নদী তীর পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ¦ মাওলানা রফিকুল ইসলাম খান।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ১৬টি পানসি নৌকা অংশগ্রহণ করে। দুই দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনাল পর্বে প্রতিদ্বন্দিতার মধ্যে দিয়ে শাহজাদপুর উপজেলার চিনাধুকুরিয়া গ্রামের আল মদিনা নৌকা প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় স্থান অর্জন করে স্বপ্নের তরী ভাইমারা।

যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করে রয়েল বেঙ্গল টাইগার (উল্লাপাড়া) এবং শেরেবাংলা ভিটাপাড়া। প্রতিযোগিতায় প্রথম বিজয়ীকে ১১০ সিসি মোটরসাইকেল, দ্বিতীয় বিজয়ীকে ৮০ সিসি মোটরসাইকেল, যৌথভাবে তৃতীয় বিজয়ীদেরকে ২টি ফ্রিজ এবং অংশগ্রহণকারী সকল নৌকাকে ১টি করে এলইডি টেলিভেশন পুরস্কার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর উল্লাপাড়া উপজেলা শাখার আমীর অধ্যাপক শাহজাহান আলী, সেক্রেটারি মোঃ খায়রুল ইসলাম, সলংগা থানা আমীর রাশেদুল ইসলাম শহিদ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী, কর্ম পরিষদ সদস্য মমতাজ উদ্দিন মাস্টার ও রফিকুল ইসলাম প্রধান, প্রচার সম্পাদক আশরাফুল আলম মোত্তালিব প্রমুখ

আয়োজক কমিটির সদস্য এস এম আল আমিন হোসেন জানান, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতাকে ধরে রাখতেই আমাদের এই আয়োজন। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন। উৎসমুখর পরিবেশে নৌকা বাইচ প্রতিযোগিতাটি সম্পর্ন্ন হয়েছে।