৬ অক্টোবর, ২০২৫

উল্লাপাড়া একাদশ বিজয়ী হওয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

উল্লাপাড়া একাদশ বিজয়ী হওয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উল্লাপাড়া উপজেলা ফুটবল একাদশ বিজয়ী হওয়ায় সোমবার দুপুরে উল্লাপাড়া পৌর শহরে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

এই শোভাযাত্রায় মতাদর্শ ভিন্ন থাকলেও বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মোঃ আজাদ হোসেন, বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি অংশ নেন।

এরা সবাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী।

এছাড়া উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমাসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সুধীজন ও গণমাধ্যম কর্মীরা আনন্দ শোভাযাত্রায় অংশ নেন। উপজেলা প্রশাসন এ শোভাযাত্রার আয়োজন করে।

উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয় শোভাযাত্রাটি ।

বর্ণাঢ্য এই শোভাযাত্রায় উল্লিখিত প্রধান দুটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেওয়ায় পৌরবাসীর দৃষ্টি আকর্ষণ করে। প্রসঙ্গত, সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে উল্লাপাড়া উপজেলা একাদশ হয়। গত শনিবার সিরাজগঞ্জ শামসুদ্দিন স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।