৪ অক্টোবর, ২০২৫

প্রশাসনের হস্তক্ষেপে উন্মুক্ত হলো গোহালা শাখা নদী

প্রশাসনের হস্তক্ষেপে উন্মুক্ত হলো গোহালা শাখা নদী

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোহালা শাখা নদী অবৈধভাবে ইজারা দেওয়ার অভিযোগে ব্যাপক আলোচনার পর অবশেষে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ইজারা কার্যক্রম বন্ধ করা হয়েছে। বর্তমানে নদীটি পুনরায় সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।

এতে শতাধিক মৎস্যজীবি পরিবারের মাঝে স্বস্তি ফিরেছে। এর আগে উধুনিয়া বাজার মসজিদ কমিটি প্রকাশ্য নিলামের মাধ্যমে প্রায় আড়াই কিলোমিটার নদী ইউসুফ আলী মোল্লাকে ১ লাখ ৬২ হাজার টাকায় ইজারা দেয়। এরপর থেকেই স্থানীয় মৎস্যজীবিরা প্রতিবাদ জানাতে থাকেন।

এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত তদন্তের নির্দেশ দেন।

এ বিষয়ে ইউএনও আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত  বলেন, নদী বা জলাশয় ইজারা দেওয়ার এখতিয়ার কারও নেই। তদন্তে অভিযোগের সত্যতা মেলায় তিনি শনিবার সকালে ব্যক্তিগতভাবে উধুনিয়া বাজারে গিয়ে মসজিদ কমিটি ও ইজারাদারকে নিয়ে বৈঠক করেন। বৈঠকে মসজিদ কমিটি গোহালা শাখা নদী ইজারা দেওয়ার বিষয়টি অবৈধ হয়েছে স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে তারা এ ধরনের কার্যক্রম আর না করার মুচলিকা প্রদান করেন। একই সাথে ইজারা পাওয়া ইউসুফ আলী মোল্লার প্রদত্ত ১ লাখ ৬২ হাজার টাকা তাকে ফেরত প্রদান করে মসজিদ কমিটি। পরে উধুনিয়া বাজার জামে মসজিদের মাইক থেকে গোহালা শাখা নদী সবার জন্য মৎস্য শিকারে উন্মুক্ত ঘোষনা দিয়ে প্রচার করা হয়।